বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘আগামী নির্বাচন খুব কঠিন হবে। আওয়ামী লীগ নাই, তাই বলে নির্বাচনী বৈতরণী সহজ হবে, তা ভাববার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতে বসে এবং দেশে ঘাপটি মেরে থাকা তাদের প্রেতাত্মারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় আসতে না পারেন সেই ষড়যন্ত্রও সুক্ষ্মভাবে করা হচ্ছে।’
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে ’সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান উদ্দিন সরকার আরো বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মীর নামে যদি মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’
গাসিক ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সদস্য দেলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন টঙ্গী থানা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, বিএনপি নেতা হাজী বাবর আলী, আব্দুল খালেক, আসাদুল্লাহ, জসিম উদ্দিন, আল আমিন, মো: জাকির হোসেন, নাঈমুল হাসান, চাঁন মিয়া চান্দু, মারুফ হাসান প্রমুখ।






