বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে ১১ বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ট্রাভেল পারমিটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট হয়ে তারা দেশে ফেরেন।

এ সময় স্থলবন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের ঊর্ধ্বতন সচিব আলমাস হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনসহ যারা দেশে ফিরেছেন তাদের আত্মীয়-স্বজন।

আলমাস হোসেন জানান, বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে তারা কারাভোগ করে। পরে তাদেরকে কিছুদিন ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার নরসিংগর ক্ষণস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়। সেখান থেকেই তাদেরকে দেশে পাঠানো হয় বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে।

ভারতে কারাভোগ করে দেশে ফেরা ব্যক্তিরা হলেন কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মো: ইব্রাহিম আলী, বাগেরহাটের হেলাল জমদ্দার, রাজশাহীর মো: আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, মো: আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মো: আব্দুল মান্নান ও মো: রুহুল আমিন।

তারা জানান, কাজের খোঁজে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়ে আটক হন। ছয় মাস জেল খাটার পর আটক কেন্দ্রেও তারা প্রায় আড়াই মাস ছিলেন। তবে শেষ পর্যন্ত তারা দেশে ফিরে আসতে পারায় আনন্দিত।

আখাউড়া স্থলবন্দরে তাদের নিতে আসা আত্মীয়-স্বজনদের খুশি দেখা যায়।