মনিরুজ্জামান সুমন, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশী নারী-পুরুষকে পুশ ইন করেছে বিএসএফ।

রোববার (২৫ মে) সন্ধ্যায় নিমতলা সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি।

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সোনাইর খামার গ্রামের মরহুম আবদুল্লাহ শেখের ছেলে হাসেন আলী (৫৭), হাসেন আলীর স্ত্রী হাছনা বেগম (৪৩), হাসেন আলীর ছেলে হান্নান মিয়া (১৬), মধ্য কুমরপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৪৬) ও রাঙা-কাজীপাড়া ভোগডাঙ্গা গ্রামের মরহুম মাহাবুবুর রহমানের ছেলে সাইদুর রহমান (৫১)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ডি-কোম্পানির নিমতলা বিওপির সদস্যরা দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাসপোর্টবিহীন পাঁচ বাংলাদেশীকে আটক করা হয়। পরে তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই অনেকদিন আগে ভারতে গিয়েছিলেন। দেশে ফেরার পর বিজিবির হাতে আটক হন।