‘ফ্যাসিবাদী শেখ হাসিনা ও মানবতাবিরোধী আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আমরা সবাই একমত আছি’ জানিয়ে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিবির) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লুৎফর রহমান বলেছেন, ‘দীর্ঘ সাড়ে ১৫ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি, জামায়াত, ইসলামি ঐক্যজোট, নাগরিক অধিকার এবং জুলাই-আগস্টে আন্দোলনকারী ছাত্র-জনতাসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়েছেন, খুন ও গুমের শিকার হয়েছেন।’

সোমবার (২৪ মার্চ) জামালপুর শহরের পুরাতন বাইপাস সড়ক সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

লুৎফর রহমান বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করা জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। আমরা শেখ হাসিনার ষড়যন্ত্র সম্পর্কে সবাই ঐক্যবদ্ধ আছি, থাকবো।’

তিনি আরো বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলন স্বৈরাচারে পতনের পর দেশবাসীর মধ্যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আর ওই আকাঙ্ক্ষা থেকেই আমাদের নতুন রাজনৈতিক দল গঠন করা। আন্দোলনের পক্ষের কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোন মতানৈক্য নেই। আমরা ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদ মুক্ত আগামীর নতুন বাংলাদেশ গড়ব।’

সোমবার শহরের পুরাতন বাইপাস সড়ক সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে গণ-অভ্যুত্থানে শহীদ, আহত পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র-শ্রমিক,এক্টিভিট, ওলামা মাশায়েক এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল এসব কথা বলেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল, হেফাজতের আমির মাওলানা আবুল কাশেমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজিত ইফতার মাহফিল শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।