ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের একটি পুকুর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরো ছয়জন আহত হন।
রোববার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকন্দপুর এলাকার চানপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইছাম উদ্দিনের সাথে একই গ্রামের ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের দাবি, তারা পুকুরের লিজ নিয়ে রেখেছেন। পরে রোববার দুপুরে চানপুর গ্রামের রেললাইনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পক্ষ দুটি। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় তার ছেলে মেহেদী ও তার পক্ষের হুমায়ূন কবির নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এছাড়া প্রতিপক্ষ ইছামউদ্দিন, তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলাম আহত হয়েছেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এবং অন্য আহতদের জেলা সদর হাসপাতাল চিকিৎসা দেয়া হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রেলওয়ের একটি পুকুরের লিজ নেয়ার দাবি ও দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন






