এবার জাতীয় পরিবেশ পদক- ২০২৪ পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন শ্রেণিতে এ মর্যাদাপূর্ণ পদক দেয়া হয়।
বুধবার (২৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক দেয়া হয়।
বারি’র সম্পাদক ও প্রটোকল অফিসার মো: হাসান হাফিজুর রহমান জানান, জাতীয় পরিবেশ পদক পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি বছর এ পদক দেয়া হয়।
তিনি জানান, পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে এবার এ পদকে ভূষিত করা হয়। বারি’র এ অর্জন দেশের টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে তাদের নিরলস প্রচেষ্টার একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
তিনি আরো জানান, জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯) অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও আরো ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সনদপত্র দেয়া হয়।
এদিকে প্রতিষ্ঠানের পক্ষে পদকটি গ্রহণ করেন বারি’র মহাপরিচালক ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।








