ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গাজীপুরের শহীদদের কবরে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলাজুড়ে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় শহীদ শেখ জাহাঙ্গীর আলমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।
পৌরসভার দারোগারচালা এলাকায় শহীদ ক্বারী মোহাম্মদ শরিফুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এবং মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের শহীদ জাকির হোসেন রানার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাওনা চৌরাস্তার (পল্লী বিদ্যুৎ মোড়) এলাকায় পুলিশের গুলিতে শেখ জাহাঙ্গীর আলম, ক্বারী মোহাম্মদ শরিফুল ইসলাম ও জাকির হোসেন রানাসহ ১৬ আন্দোলনকারী নিহত হন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে আমরা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছি। পরে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে দোয়া ও আলোচনা সভায় যোগ দিয়েছি। শহীদ তিনজনের পরিবারের সদস্যদের মধ্যে দু’টি পরিবারকে ইতোমধ্যে সঞ্চয়পত্রের অর্থ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী একটি পরিবারের তথ্য পুনরায় পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই ওই পরিবাবের সদস্যদের কাছে অর্থ সহায়তা পৌঁছে দিতে পারব।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন ও গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো: যাবের সাদেক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া গ্রামের শহীদ ইলিম শিকদার এবং শহীদ আব্দুল্লাহ-আল মামুনের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ এবং শহীদ পরিবারের সদস্যরা।
গাজীপুর মহানগরীর টঙ্গি পূর্ব থানার এরশাদনগরের এলাকায় শহীদ সানজিদ হোসেন মৃধা ও নাফিসা হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মামুনুর রশিদ, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুজ্জামান হিমু, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা) মুশফিকুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (এসি) মাহিউল, টঙ্গী পূর্ব থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন, শহীদ পরিবারের সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।






