সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের সাবেক এপিএস নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: এলিয়াম হোসেন এ আদেশ দেন।

এর আগে সকালে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম সদর উপজেলার খোঁয়াজপুরের বাসিন্দা।

জানা যায়, সদরের খোঁয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন নজরুল ইসলাম। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। পরে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদিল হোসেন জানান, সদর উপজেলার থানতলী এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় নজরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।