বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ড্রাগন বাগান থেকে নুরুল আবছার (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন ওই বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত আবছার কক্সবাজার উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে এবং তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবছার। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। রাতভর চেষ্টা করেও মোবাইলফোনে যোগাযোগ কো যায়নি তার সাথে। পরে রোববার সকালে ড্রাগন বাগানে তার গলাকাটা লাশ দেখতে পান। তবে তার অটোরিকশা ও মোবাইলফোন খোঁজে পাওয়া যায়নি।
তবে অটোরিকশা ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক জানান কারা কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।






