ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অভিযোগে চার নারীর চুল কেটে দেয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) রাতে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে এই ঘটনা ঘটে।

এ ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে সোমবার (১৪ এপ্রিল) পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে স্থানীয় কিছু লোকজন শহরে বিক্ষোভ মিছিল করে। পরে চুল কাটার দায়ে সুমন চন্দ্র দাস নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ৯টার দিকে পৌর শহরের হাজী নুর মার্কেটে ’চানপুর এলুমিনিয়াম স্টোর’ নামে একটি দোকান থেকে চার নারীর বিরুদ্ধে কড়াই চুরির অভিযোগ উঠে। চুরির অভিযোগ অস্বীকার করায় দোকানদার লোকজন জড়ো করে ওই নারীদের মারধর শুরু করে। এক পর্যায়ে সুমন চন্দ্র দাস নামে এক দোকানদার ওই নারীদের মাথার চুল কেটে দেয়। তবে ওই নারীদের পরিচয় জানা যায়নি।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, চুল কাটার ঘটনায় ১৪/১৫ জন জড়িত। তাদের মধ্যে একজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।