গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মো: জামাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক আলোকবর্তিকা। দেশের মানুষ তখন অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে জীবন দিয়ে প্রমাণ করেছে এদেশ অন্যায় মানে না। আজো আমরা একই স্বৈরতান্ত্রিক আগ্রাসনের মুখে।’
মঙ্গলবার (৫ আগস্ট) গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে গাজীপুর মহানগরের শিববাড়ি মোড়ে বিশাল গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভাপতির বক্তব্যে গাজীপুর জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে ছাত্র-জনতা এক কাতারে শামিল হয়ে দুর্নীতিবাজ ও স্বৈরশাসকদের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তুলেছিল, তা আজো আমাদের জন্য প্রেরণার উৎস।’
তিনি বলেন, ‘বর্তমান দুঃশাসন, গণতন্ত্রহীনতা ও দমন-পীড়নের পরিবেশ আমাদের আবারো সেই চেতনাতেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমি এই মঞ্চ থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো বৈধ ভোটাধিকার, মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে পিছু হটবে না। আমাদের সংগ্রাম দেশপ্রেমের, ইনসাফ প্রতিষ্ঠার এবং জাতিকে মুক্তির পথে এগিয়ে নেয়ার। জনগণের ম্যান্ডেট পেলে আমরা গাজীপুর তথা বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তার রূপরেখা বাস্তবায়ন করব। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের হক আদায়ের জন্য রাজনীতি করি।’
এ সময় সমাবেশটি পরিচালনা করেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া হোসাইন বিন কবির।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: খায়রুল হাসান, নায়েবে আমির ও গাজীপুর-২ আসনের প্রার্থী মো: হোসেন আলী, জেলা নায়েবে আমির মাওলানা মো: সেফাউল হক, জেলা সেক্রেটারি মো: সফিউদ্দিন, সহকারী সেক্রেটারি মো: মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস, মহানগর সহকারী সেক্রেটারি মো: আজহারুল ইসলাম মোল্লা ও মো: আফজাল হোসাইন, সাবেক সচিব ও জেলা প্রশাসক এবং গাজীপুর-১ আসনের প্রার্থী মো: শাহ আলম বকশী, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর-৪ আসনের প্রার্থী মো: সালাহ উদ্দিন আইয়ুবী, ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি মো: রেজাউল ইসলাম, জেলা সভাপতি মো: ইয়াসিন আরাফাত, তামিরুল মিল্লাত মাদরাসা শাখার সভাপতি মো: ইকবাল হোসেন।
সমাবেশ শেষে একটি বিশাল ও সুশৃঙ্খল গণমিছিল শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর চৌরাস্তা সড়ক প্রদক্ষিণ করে সাডি এলাকায় গিয়ে শেষ হয়।






