বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘একটি শ্রেণি ও একটি মহল আছে যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়। সেই অস্থিতিশীল সৃষ্টি করা চক্রান্তকারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অধিকার নষ্ট করতে চায়। আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে তারা ব্যাহত করতে চায়। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তারা যেই হোক সামাজিকভাবে বয়কট করতে হবে।’
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের লৌহজং উপজেলার হলদিয়ায় বিক্রমপুর প্রেস ক্লাবের সামনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। সারাদেশে যারা অবৈধভাবে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছেন, এ দুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে। মাদক ব্যবসা সমূলে উৎপাটন করতে হবে। যুবসমাজ রক্ষার জন্য মাদক ব্যবসা সমূলে উৎপাটন করতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’
শিমুলিয়া ঘাটের ইজারা বাতিল করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘কোনো ইজারাদার যদি কোনো সাধারণ দোকানদারসহ সাধারণ মানুষকে জুলুম করে তবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।‘
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অবৈধ মাটি কাটা, শিমুলিয়া ঘাটে ইজারাদারদের জুলুম-চাঁদাবাজি ও মাদকবিরোধী নাগরিক প্রতিবাদে এ সভা করা হয়।






