বন্দরে একটি চায়না ফ্যাক্টরির সিসা তৈরির কাঁচামাল নিয়ে পালিয়েছে ট্রাকড্রাইভার, হেলপার ও তাদের এক সহযোগী। এ ব্যাপারে ঘটনার এক সপ্তাহ পর মঙ্গলবার বন্দর থানায় মামলা করেছেন ট্রাকমালিক ছালাহউদ্দিন।
মামলায় বরগুনা সদরের পরীর খাল এলাকার মো: কাউসার মিয়ার ছেলে ট্রাকচালক মো: শান্ত (২৯), পটুয়াখালীর গলাচিপা থানার বাঁশবাড়িয়া দরিয়াবাদ গ্রামের জামাল জমাদ্দারের ছেলে ট্রাকের হেলপার সোহেল জমাদ্দার (২৫) ও বরগুনা সদরের পরীর খাল গ্রামের মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ আরিফকে (২৫) আসামি করা হয়।
ট্রাকমালিক ছালাহউদ্দিন জানান, শান্ত, সোহেল ও আরিফ তার মালিকানাধীন ট্রাকে দীর্ঘদিন ধরে চালক ও হেলপার হিসেবে কাজ করছেন।
গত ৩০ জুন ৩০০ কেজি সিসা তৈরির কাঁচামাল ‘ডস’ গাজীপুর থেকে তার ট্রাকে (নং চট্ট-মেট্রো-ট-১১-৭৮৯২) করে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দের ডেংফেং নামের এক চায়না কোম্পানিতে আনার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা ইউটার্নের সামনে ট্রাকটি থামায়।
এরপর ট্রাকের ড্রাইভার, হেলপার ও সহযোগী একটি পিকআপ ভ্যানে কাঁচামালগুলো ওঠাতে থাকে। এ সময় সামনে দিয়েই অফিসে যাচ্ছিলেন ডেংফেং চায়না কোম্পানির ম্যানেজার লাউফু।
কাঁচামাল চুরির ঘটনাটি দেখে ফেলেন এবং চিৎকার করেন। কিন্তু এরই মধ্যে তারা কাঁচামালভর্তি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া ৩০০ কেজি ডসের বর্তমান বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা বলে ছালাহউদ্দিন জানান।






