বালুমহালের ইজারা বাতিলের জন্য রাজশাহী জেলা প্রশাসককে (ডিসি) ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে ইজারা বাতিল না হলে ডিসি আফিয়া আখতারের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।
রোববার (১৮ মে) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাজশাহীর সর্বস্তরের জনগণ’র ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ আলটিমেটাম দেন তারা।
জানা যায়, পদ্মা নদীর এ বালুমহালটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া এলাকায় অবস্থিত। সর্বোচ্চ দরদাতা হিসেবে বাংলা ১৪৩২ সালের জন্য এর ইজারা পেয়েছেন মোখলেসুর রহমান মুকুল নামের এক ব্যবসায়ী। তার বাড়ি নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মুকুল গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলাসহ একাধিক মামলা হয়েছে। এ আসামি কীভাবে টেন্ডার কার্যক্রমে অংশ নিলেন এবং কীভাবে তিনি কাগজপত্রে সই ও টাকা জমা দিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। বক্তারা তাকে ‘আওয়ামী দোসর’ এবং রাজশাহী সিটি করপোরেশনের অপসারিত ও পলাতক মেয়র খায়রুজ্জামান লিটনের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে ইজারা বাতিলের দাবি জানান।
অন্যথায় ডিসির কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে ডিসি বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও বালু ব্যবসায়ী আব্দুল মান্নাফ মুন্নাফ। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ।






