সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে মন্তব্য করে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, ‘রাজনীতি করা কোনো অপরাধ না। কিন্তু সাংবাদিকতার কাজে রাজনীতিকে জড়ানো উচিত নয়। এখানে শতভাগ পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকরা হচ্ছে জনগণের মুখপাত্র। এখানে দলীয় লেজুড়ভিত্তি করলে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য থেকে জনগণ বঞ্চিত হবে।’
বুধবার (৩০ এপ্রিল) ফেনীতে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, ‘সাংবাদিকদের ন্যূনতম মজুরি ও তাদের পেশাগত নিরাপত্তা অবশ্য স্ব স্ব প্রতিষ্ঠানকে দেয়া উচিত। এক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করতে হবে। বর্তমান সরকার সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। হলুদ সাংবাদিকতা প্রতিরোধে কাজ করা হচ্ছে। সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজের আওতায় আনতে কাজ চলছে। ইতোমধ্যে ৩৩ জেলা থেকে তথ্য জমা দেয়া হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) রোমেল শর্মা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন।
ফেনী সার্কিট হাউজ কনফারেন্স হলে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। শেষে প্রধান অতিথি সবার মাঝে সনদ প্রদান করেন।



