জামালপুরের সরিষাবাড়ীতে মাদক সেবনের টাকা চেয়ে না পাওয়ায় আব্দুস সাত্তার নামে এক বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে কান ছিঁড়ে ফেলেন সোহেল রানা (৩০) নামে এক মাদকসেবী।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ভিক্ষুক আব্দুস সাত্তার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মরহুম রেজাউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আব্দুস সাত্তার শারীরিকভাবে কাজকর্মে অক্ষম হওয়ায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার বিকেলে তিনি বগারপাড় ভিক্ষা করতে গেলে স্থানীয় হবিবর রহমানের মাদকসেবী ছেলে সোহেল তার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। এ সময় ওই ভিক্ষুক টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে সোহেল তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে।

একপর্যায়ে লাঠির আঘাতে ভিক্ষুকের বাম কান ছিঁড়ে যায়।

তারা আরো জানায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই ভিক্ষুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘ভিক্ষুকের কান কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’