জামালপুরের মাদারগঞ্জে শাহীন আলম (৪৩) নামে ১১ মামলার আসামির লাশ উদ্ধার করেছে শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা বড়খাল সেতুর পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে পলিশা বড়খাল সেতুর পশ্চিম পাশে একটি লাশ দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্রের এসআই মো: ফিরোজ মিয়ার নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে।
পরে খবর পেয়ে থানায় গিয়ে হাজির হন জরিনা বেগম নামে এক নারী। তিনি শাহীন আলমের লাশটি তার স্বামীর বলে শনাক্ত করেন এবং নিজেকে কেশাহীন আলমের প্রথম স্ত্রী হিসেবেও দাবি করেন।
তিনি বলেন, শাহীন আলম দু’টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী থানায় এলেও দ্বিতীয় স্ত্রীকে স্বামীর খোঁজ নিতে দেখা যায়নি।
জানা গেছে, শাহীন আলম জামালপুর জেলার সদর উপজেলার জঙ্গলপাড়া বোটঘর গ্রামের মরহুম নেদলের ছেলে। তিনি ট্রাকচালকের পাশাপাশি আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ছিল। আগেও তিনি গাড়িতে করে চোরাই মালামাল পাচার করতে গিয়ে একাধিক বার আটক হয়েছেন। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা ও গরু চুরিসহ ১১টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, শাহীন আলমকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন প্রথম স্ত্রী জরিনা বেগম। তিনি অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলার প্রস্তুতি নিয়েছেন।



