বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই বিপ্লবে গাজীপুরের গাছায় ছয়জন নিহতের ঘটনায় করা পৃথক তিন হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন, সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে তুলা হয়েছে।

বুধবার (২৮ মে) গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাদের নেয়া হয়।

গাজীপুর মহানগর আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আহসান উল্লাহ চৌধুরী জানান, আসামিদের কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে গাজীপুর আদালতে আনা হয়। এ সময় আদালত চত্বর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাছা এলাকায় সংঘটিত এ হত্যাকাণ্ডকে ঘিরে মেট্রোপলিটন গাছা থানায় তিনটি পৃথক হত্যা মামলা করা হয়। এসব মামলার মধ্যে গাছা থানার মম-৯(৮)২৪ নম্বর মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর কথা ছিল। তবে আদালতে ডেথ রেফারেন্স চলমান থাকায় ওইদিন কোনো কার্যক্রম সম্পন্ন হয়নি।

গাজীপুর জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: মোস্তফা কামাল জানান, গাজীপুর জেলা বারের একজন সিনিয়র আইনজীবীর মৃত্যুজনিত কারণে আদালতে ডেথ রেফারেন্স ঘোষিত হওয়ায় মামলাগুলোর শুনানি স্থগিত রাখা হয়েছে। বিচারক মামলাগুলোর পরবর্তী শুনানির তারিখ ২২ জুন ধার্য করেছেন।

পিপি আরো জানান, আসামিদের বিরুদ্ধে দ-বিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগপত্র প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

বিশেষ সূত্রে জানা গেছে, এ তিন প্রভাবশালী সাবেক কর্মকর্তার বিরুদ্ধে থাকা আলামত, মোবাইল কল লিস্ট, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে মামলার অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে। পরবর্তী শুনানিতে চার্জ গঠন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।