ফেনীর ফুলগাজী ও পরশুরামে অতিবৃষ্টি-ভারতীয় পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে ভেঙে যাওয়া বাঁধে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সাঁকো পুন:নির্মাণ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৩ জুলাই) সকালে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের পেঁচিবাড়িয়া চন্দনবিয়া এলাকায় নবনির্মিত কাঠের সাঁকোটি উদ্বোধন করেন দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান।

এর আগে পরশুরাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বেড়াবাড়িয়া এলাকায় পুন:নির্মিত সাঁকোটি উদ্বোধন করেন তিনি। ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়ে এ দুটি সাঁকো দিয়ে নির্বিঘ্নে চলাচলের সুযোগ হয়েছে।

বুধবার উদ্বোধনের সময় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ ভূঞা আজাদ, ফুলগাজী উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, নায়েবে আমির মাওলানা আবুল হোসেন মিয়াজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় দুলা কাজী জামে মসজিদের সামনে মুফতি আবদুল হান্নান স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মসজিদের কাছে ভেঙে যাওয়া আরেকটি বাঁধের পাশে রাস্তা চলাচল উপযোগী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত দুলা কাজী বাড়ির রাস্তা মেরামতে সহযোগিতার আশ্বাস দেন।

মুফতি আবদুল হান্নান জানান, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত চারটি স্থানে মানুষের চলাচলে জামায়াতে ইসলামীর অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করা হয়। ইতোমধ্যে দুটি সাঁকো উদ্বোধন করা হয়েছে। আরো দুটি সাঁকো নির্মাণ কাজ চলমান রয়েছে।

তিনি আরো জানান, চলতি বছরের বন্যায় দুর্গতদের মাঝে ৫০ লাখ টাকা ব্যয়ে শুকনো খাবার, রান্না করা খাবার, ওষুধ, সুপেয় পানিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।