জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদরা বুক পেতে না দাঁড়ালে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস ভিন্ন হতো। জুলাইয়ের শহীদ ও আহতরা দেশ মাতৃকার গর্বিত সন্তান। শহীদ আবু সাঈদসহ ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেয়া হবে না। গণঅভ্যুত্থানের এ অর্জনকে ব্যর্থ করলে এ জাতি আর কোনো দিন স্বৈরাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না।‘
বুধবার (১৬ জুলাই) বিকেলে নগরীর বন্দরবাজারে সিলেট মহানগর জামায়াত আয়োজিত শহীদ আবু সাঈদ স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, বায়তুলমাল সেক্রেটারি মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা এ টি এম শামসুদ্দিন, মুহাম্মদ আজিজুল ইসলাম ও এখলাছুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে শহীদ আবু সাঈদসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী সকল ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, ‘শহীদ আবু সাঈদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ। আর জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদের পতনের পরেও দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুন কোনোভাবেই কাম্য নয়। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলনের কর্মীদের কাজ চালিয়ে যেতে হবে। এ দেশে আর নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া যাবে না ‘






