ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জুলাই ঐক্য চট্টগ্রাম।

মঙ্গলবার (১ জুলাই) জুলাই ঐক্যের ফেইসবুক পেজে মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১-১৫ জুলাইয়ের মধ্যে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা (২০০-২৫০ শব্দে), ১২ জুলাই আমাদের চোখে জুলাই (বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে) ডকুমেন্টারি প্রকাশ, ১০-২০ জুলাই ‘রংতুলিতে আবার জুলাই’ স্লোগানে গ্রাফিতি অঙ্কন, ডাস্টবিনে খুনিদের ব্যঙ্গচিত্র, ১৮ জুলাই- জুলাই এক্সিবিশন ও ‘সাংবাদিকদের চোখে জুলাই’, ২২ জুলাই ‘তাদের ত্যাগ, আমাদের শ্রদ্ধা’- স্লোগানে শহীদ পরিবার নিয়ে দোয়া মাহফিল ও ভোজন, ৮ জুলাই থেকে ৩৩ জুলাই শ্রদ্ধার উপহার ও ১২টি মোড়ে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন, ২৮ জুলাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ৩৬ জুলাই জুলাইয়ে বীর চট্টলার রাজপথ (চট্টগ্রামের আন্দোলন নিয়ে) ডকুমেন্টারি প্রকাশ ও জুলাই চট্টগ্রামের জুলাই শহীদদের নিয়ে ফলক স্থাপন।

জুলাই ঐক্য চট্টগ্রামের সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ বলেন, ‘অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সহস্র শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে আমরা মানুষের অন্তরে জিইয়ে রাখতে চাই জুলাইয়ের প্রকৃত চেতনাকে ধারণ করে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হওয়া ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানকে সামনে রেখে জুলাই মাসজুড়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’