কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) বিকেলে ফরিদপুরে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রদলের উদ্যোগে বিকেল ৪টার দিকে শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে এ উপলক্ষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে আলীপুরের মোড়ে পৌছে সমাবেশ করে।
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি ও অনিক খান জিতু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক রশিদ ইশতি ও সাজ্জাদ হোসেন সিজান, প্রচার সম্পাদক মুইদুল স্মরণ প্রমুখ।
এর পরপরই শহরের জেলখানার পাশে ম্যাটসের সামনে থেকে এ উপলক্ষে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয় মহানগর ছাত্রদলের উদ্যোগে। এরপর জনতা ব্যাংকের মোড়ে পৌঁছে সমাবেশ করে।
এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রশিদ রিমু, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের ও নিয়াজ, রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, ইয়াসিন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুচক্রিমহলের অপপ্রচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি জোর দাবি জানান।
এর আগে গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গোপন তৎপরতায় অভ্যস্ত’ একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।






