জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়ান পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ধানুয়া-কামালপুর ইউনিয়নের মাজার টিলা এলাকা থেকে তাদের আটক করে বিজিবির সাতানীপাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা।
আটকরা হলেন ভোলা জেলার সদর থানার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এলংজানী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)। তারা কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।
তাদের কাছ থেকে দু’টি ভারতীয় আধার কার্ড, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড, দু’টি চার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



