মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন-২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়।

শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাবেক পৌর সেক্রেটারি জেনারেল মাওলানা জহির রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যপক মো: মোখলেছুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সারোয়ার হোসাইন মৃধা, শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান শিকদার, শিবচর পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রফেসর আবদুল আজিজ খান, উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, পৌর সেক্রেটারি জেনারেল প্রফেসর ইমদাদুল হক মিলন, শিবচর পৌর বায়তুলমাল সম্পাদক ও বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মাওলানা গিয়াসউদ্দীন আহমেদ, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাঈনুল ইসলাম সিদ্দিকী, শিবচর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল বাশার আকন, লিয়াকত হোসেন, বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল শাহ সুলতান, যুব বিভাগের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘সংস্কার ছাড়া কোনো নির্বাচন জাতির জন্য কল্যাণকর নয়। জামায়াত ইসলামী স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে অংশগ্রহণ করবে। এ জন্য এলাকাভিত্তিক ইউনিট গঠন করা হচ্ছে। আমাদের নেতা কর্মীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণরাষ্ট্র জামায়াতে ইসলামী উপহার দিতে পারবে। তাই জামায়াত মনোনীত প্রার্থীকে আপনারা আগামী নির্বাচনে জয়যুক্ত করবেন। তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে, ইনশাআল্লাহ।’

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সারোয়ার হোসাইন মৃধা বলেন, ‘বাংলাদেশ হাজী শরিয়ত উল্লাহর জমিন, শহীদ তিতুমীরের পূন্যভূমি। বাতিল শক্তির মোকাবেলা করে রাজপথে লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ। এখানে কোনো অপশক্তি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, ধর্ষণ, ছিনতাই চিরতরে নির্মূল করতে হবে।’

পরিশেষে সভাপতির বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।