আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি এলাকায় থাকা সব ধরনের প্রচারণা সামগ্রী দ্রুত অপসারণ করতে সম্ভাব্য প্রার্থীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। ওই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিকে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান প্রয়োজন।

এ বিষয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মো: আলা উদ্দিন দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘এ রকম বিষয় শুনেছি এবং মিডিয়ায় দেখেছি। তবে এখনো আমাদের হাতে অফিসিয়ালি আসেনি। নির্দেশনার কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।‘

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘নির্দেশনা পেয়েছি। শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’