গাবতলী (বগুড়া) সংবাদদাতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক এবং সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মাটিতে ধানের শীষের বিজয় নিশ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মন খুলে উৎসব-আনন্দে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে ভোট কেন্দ্র দখল করেছিল ফ্যাসিবাদি শেখ হাসিনা। জনগণ ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। এখন ফ্যাসিবাদের দিন শেষ আগামীর দিন হবে জনগণের।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বগুড়ার গাবতলী হাইস্কুল মাঠে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিশু ও নারী অধিকার রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও আমরা কাজ করে যাবো। সাম্যের ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় আপনারা সবাই এক একসঙ্গে ভোট কেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।
নারী ও শিশুর অধিকার ফোরামের আয়োজনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, মুঞ্জুর মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন ও সাহাদত হোসেন খান সাগর, জেলা মহিলা দলের (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, পৌর মহিলা দলের সভাপতি কানিজ ফাতেমা সুরভী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা প্রমুখ।






