সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারের আমিনবাজারে মশাল মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে গ্রেফতারদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলম নয়া দিগন্তকে জানান।
গ্রেফতাররা হলেন মো: রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), মো: ইকবাল (৪০), মো: সামিউল ইসলাম (১৯), মো: শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস (৩০), মো: রিপন (৩০), মো: ইব্রাহিম (৪৫), মো: ওয়ালিউর রহমান (৪০) ও মো: রমজান (৩০)।
আর আগে শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: জাকির আল আহাসান।
ইনচার্জ (এসআই) মো: জাকির আল আহাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ‘গ্রেফতাররা রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা। তারা ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং ঘটনাস্থল থেকে আলামত জব্দ করে।’
পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে মিছিল পরিচালনায় ব্যবহারের জন্য একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি মো: সাইফুল আলম জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।






