আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কদমতলা চত্বরের সামনে দিয়ে বিদ্রোহী হলের সামনে এসে মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগানে ফেটে উঠেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর একটা ইন্টেরিম সরকার গদিতে বসেছে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য। সাধারণ মানুষ আশা করেছিল, এতদিন দেশের মানুষ যে অধিকার থেকে দূরে ছিল সে অধিকারগুলো ফিরে পাবে। সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। আমাদের শহীদরা জীবন দিয়েছিল এ দেশের মুক্তির জন্য। কিন্তু মুক্তির জন্য যা করা উচিত সরকার সেগুলো করছে না।’
আন্দোলনরত শিক্ষার্থী রাসেল মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ প্রথম এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই ভারতের দালালি করেছে। দেশের মানুষের কোনো উন্নতি করেনি। শুধু জুলাই হত্যাকাণ্ড নয়, আওয়ামী লীগ এর আগে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে সবগুলোর বিচারের ব্যবস্থা করতে হবে।’



