মৌলভীবাজারের কুলাউড়ার বহুল আলোচিত স্কুলছাত্রী আঞ্জুমের শোকাহত পরিবারের সাথে সাক্ষাত ও সমবেদনা জানাতে কুলাউড়া যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ জুন) কুলাউড়া উপজেলা জামায়াত আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (২৭ জুন) সকাল ১১টার দিকে তিনি উপজেলার ব্রাম্মনবাজারের শেরপুর গ্রামে হত্যার শিকার স্কুলছাত্রী নাফিজা জান্নাত আঞ্জুমের পরিবারের সাথে সাক্ষাত এবং সমবেদনা প্রকাশ করবেন।

এছাড়া তিনি ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে মৌলভীবাজারের সাবেক আমির মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সাক্ষাত এবং মরহুমের কবর জিয়ারত করবেন।

উল্লেখ্য, গত ১২ জুন স্থানীয় কোচিং সেন্টারে পড়তে গিয়ে আর ফেরেনি স্কুলছাত্রী আঞ্জুম। নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশে ডোবায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় আঞ্জুমের পাশের বাড়ির জুনেল মিয়াকে পুলিশ আটক করে এবং পুলিশের স্বীকারোক্তিতে ধর্ষণে ব্যর্থ হয়ে আঞ্জুমকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয় জুনেল। কিন্তু জুনেল আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি না দেয়ায় জেলাব্যাপী তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে।