সরকারের উন্নয়ন ও সচেতনতা মূলক প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের আরো গুরুত্ব সহকারে কাজ করতে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
শুক্রবার (৩০ মে) সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ শিরোনামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
এসময় মাহবুবা ফারজানা আরো বলেন, ‘স্ব-স্ব ক্ষেত্রে শিশু, কিশোর ও নারীদের পাশে থাকা ও তাদের যথার্থ সম্মান করতে হবে। কোনোভাবেই অবহেলার করা যাবে না।’
শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় টেলিভিশন সাংবাদিকদের জন্য আয়োজিত দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিটের গবেষণা কর্মকর্তা মো: ফাহিম সিদ্দিকী।
কর্মশালায় জেলায় টেলিভিশনে কর্মরত ৩০ জন সাংবাদিক ও পাঁচজন চিত্র সাংবাদিক অংশ নেন। আগামীকাল শনিবার শেষ হবে এ প্রশিক্ষণ কর্মশালা।






