দেশ ও জাতির কল্যাণে সংগ্রাম চালিয়ে যাচ্ছে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, ‘চিকিৎসা একটি সম্মানজনক ও সেবামূলক পেশা। এ পেশার মাধ্যমে মানুষের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং আর্ত-মানবতার কল্যাণে কাজ করার সুযোগ হয়। তাই এ সেবার মাধ্যমেই দ্বিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। দ্বীন প্রতিষ্ঠায় চিকিৎসকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।’

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকার সাভারের বাইবাইলে ঢাকা জেলার পেশাজীবী থানা আয়োজিত হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি ও পেশাজীবী থানা আমির আসাদুজ্জামান জীমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আশুলিয়া থানা আমির বশির আহমেদ। এ সময় স্থানীয় জামায়াত নেতাসহ শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘আমরা দেশে একটি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা দেশ, দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণ ও মুক্তিই হচ্ছে জামায়াতের মূল রাজনীতি।’

তিনি বলেন, ‘আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের দায়িত্ব হলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে শৃঙ্খলা বিধান করা। আর মানুষের ক্ষমতা কোনোভাবেই অসীম নয়, আল্লাহ তায়ালাই সর্বময় ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তাই দুনিয়ায় শান্তি ও আখেরত মুক্তি লাভ করতে হলে আমাদের সকলকে কোরআন-সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসতে হবে।’