দেশে নির্বাচিত সরকার যত দ্রুত দায়িত্বে আসবে তত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে। মবের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে একটি পক্ষ। দেশের এই পরিস্থিতি স্বাভাবিক করতে বিএনপির কোনো বিকল্প নেই। আমাকে বিএনপির আদর্শ রক্ষা করতে গিয়ে জেল-জুলুম, হুলিয়া মাথায় নিয়ে চলতে হয়েছে। দলের স্বার্থে আমি যেকোনো অপশক্তি মোকাবেলায় প্রস্তুত রয়েছি।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় পাবনার চাটমোহরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি পাবনা-৩ এলাকার প্রাথমিক মনোনিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এ কথা বলেন।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, দল আমাকে দেশের যে প্রান্তে পাঠিয়েছে আমি সেখানেই কাজ করেছি। আমি ১৮ বার জেল খেটেছি। গত জুন মাসে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা বিএনপি, জেলা এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাকে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে দেশনায়ক তারেক রহমান প্রাথমিকভাবে এমপি প্রার্থী হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমি সবার প্রতিশ্রুতি নিয়েই কাজ করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির স্থানীয় পর্যায়ে যে দ্বিধা-দ্বন্দ্ব আছে তা অচিরেই সমাধান হয়ে যাবে। বিষয়টি নিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে কথা হয়েছে।
চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড সামস্ কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনমিয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, কৃষক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান সামস্, কৃষক দলের পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি মো: আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপির সাবেক নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ মাহমুদুল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক এএম জাকারিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






