ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে ময়না (৯) নামে এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ময়না ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে বলে জানা গেছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শনিবার দুপুরে শিশু ময়না নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পর দিন সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিশু শিক্ষার্থীরা আরবি পড়তে এলে দোতলায় রক্তাক্ত অবস্থায় ময়নাকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।