সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো সাতজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া সাতজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন শনাক্ত হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৮১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ৩৭ জন, হবিগঞ্জে ৮১ জন, মৌলভীবাজারে ২০ জন ও অন্য জেলা থেকে আসা ছয়জন রয়েছেন।

চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে।