ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকভর্তি অবৈধভাবে ভারতীয় ২ হাজার ৫০০ কেজি গরুর গোশত জব্দ করেছে পুলিশ। এ সময় দু’জনকে আটক করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে একটি ট্রাক তল্লাশি চালিয়ে এসব গোশত জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা ওই গোশত ঢাকার হোটেল ও রেস্তোরাঁগুলোতে সরবরাহ করছিলেন।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) এবং ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রাখা মোট দু’হাজার ৫০০ কেজি গরুর গোশত জব্দ করা হয়। এই চোরাচালান চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় গোশত পাচার করে ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরের হোটেল রেস্তোরাঁগুলোতে সরবরাহ করে আসছিলেন।’
তিনি বলেন, জব্দ করা গোশতগুলো অবৈধভাবে ভারত থেকে আমদানি করা হয়েছে। এগুলো স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ কিংবা ফ্রিজিং না করে খোলা ট্রাকে করে পাচার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম বলেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।






