বগুড়ায় ফেসবুকে গানের লাইন পোস্ট দেয়ার অভিযোগে স্থানীয় দৈনিক মুক্তজমিনের ফটোসাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে গ্রেফতারের প্রতিবাদ ও সদর থানার ওসি মইনুদ্দিনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
সোমবার (৫ মে) দুপুর ১টায় বগুড়া শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়া জেলা কমিটির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সিনিয়র সাংবাদিক মীর্জা সেলিম রেজা, মহসীন রাজু, সৈয়দ ফজলে রাব্বি ডলার, এফ শাজাহান, আবুল কালাম আজাদ, মমিনুর রশীদ শাইন, প্রতীক ওমর, ফেরদৌসুর রহমান প্রমুখ।
মানববন্ধন থেকে সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তি প্রদান ও বগুড়া সদর থানার ওসির প্রত্যাহার দাবি করা হয়।
এ নিয়ে মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেবেন গণমাধ্যম নেতারা।
বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৯টায় শহরের সাতমাথা এলাকা থেকে সাংবাদিক ওয়াহেদ ফকিরকে আটক করে পুলিশ । পরে রোববার (৪ মে) সন্ধ্যায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
থানা পুলিশ বলছে, শুক্রবার (২ মে) রাতে ওয়াহেদ ফকির তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সনাতন ধর্মের বিভিন্ন দেবতা নিয়ে একটি লেখা পোস্ট করেন। এঘটনায় মামলায় দায়ের করা হয়। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।






