জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেছেন, ‘অর্ন্তবর্তী সরকার যদি ডিসেম্বরে নির্বাচন দেয় জামায়াতের কোনো আপত্তি নেই। দুই মাস পরে নির্বাচন করলেও আপত্তি নেই। জামায়াত সরকারের কাছে নির্বাচন ও সংস্কারের দু’টি রোড ম্যাপ চেয়েছে। সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া। নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্ন্তবর্তী সরকারের প্রধান কাজই হচ্ছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। একটি সুষ্ঠু নির্বাচন ও সুস্থ রাজনীতির সহায়কের জন্য কিছু সংস্কার করার প্রয়োজন রয়েছে।’
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ আয়োজিত স্নাতকোত্তর চিকিৎসকদের সম্মাননা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ একটা ক্রিটিক্যাল টাইম পার করছে। এখানে সবাইকেই ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়ে ভূমিকা রাখতে হবে। দেশে নতুন করে উত্তেজনা ও সমস্যা সৃষ্টি হবে এমন কোনো বক্তব্য দেয়া কারো উচিত হবে না।‘
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা: মো: শাহিনুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ডা: মো: হুমায়ুন কবির, সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুর উদ্দিন, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: সফিকুর রহমান পাটোয়ারী, কলেজের উপাধ্যক্ষ ডা: জহিরুল হক।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিক্যাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: জাহাঙ্গীর হোসেন, ডা: ফজলুল হক, কলেজের ডিজিএম বেলাল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে স্নাতকোত্তর চিকিৎসকদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।






