বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেটে পথচারীদের জন্য স্থাপিত অস্থায়ী বিশ্রামাগার পরিদর্শন এবং পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর রেলগেট মোড়ে পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো: মাহফুজুর রহমান রিটন।

গরমে পথচারীদের বিশ্রামের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেট, সাহেব বাজার জিরো পয়েন্ট ও লক্ষ্মীপুরে মোড়ে বিশ্রাম কেন্দ্র খোলা হয়। যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, খাবার পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়।

এ সময় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার, প্রজেক্ট অফিসার আবু মো: জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।