সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি করপোরেশনের আওতা বাড়লেও সেই অনুযায়ী নাগরিক সেবা সম্প্রসারণে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নতুন যুক্ত হওয়া ১৫টি ওয়ার্ডে সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন হিমশিম খাচ্ছে।

বুধবার (১১ মার্চ) সিলেট সদর উপজেলার মইয়ারচরে সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সিসিক প্রশাসক বলেন, আগে সিলেট সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ড ছিল, বর্তমানে তা বেড়ে ৪২টিতে উন্নীত হয়েছে। নগরবাসী আধুনিক নাগরিক সুবিধা প্রত্যাশা করলেও এখনো সেই মানের সেবা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, একটি প্রতিষ্ঠানের পক্ষে একা সুন্দর ও আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করেছেন এবং সিলেট থেকে দুজন সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। ফলে সিলেটবাসীর প্রত্যাশাও বেড়েছে। সেই প্রত্যাশা পূরণে সবাই আন্তরিকভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপের পরিচালক সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ আহমদ, মইয়ারচর তাবিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দিন, শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কমর উদ্দিন এবং ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আহমদ ও মো. মাহবুবুর রহমান।

খাদ্য সামগ্রী বিতরণ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সমাজের বিত্তশালী মানুষদের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ মার্চ) সিলেট নগরীর মিরের ময়দানে বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে আয়োজিত ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Syl--2---11-3

তিনি বলেন, সমাজে ও প্রবাসে বসবাসরত বিত্তশালী ব্যক্তিরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে তারাও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।

তিনি আরো বলেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে প্রবাসী বাংলাদেশিদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত।

জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের উদ্যোগে প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর মো. কবির আহমেদের সভাপতিত্বে এবং ট্রেজারার আলী আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ, জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাহিদ, নর্থ ইস্ট রিজিওনের ট্রেজারার আলহাজ আতাউর রহমান, কেন্দ্রীয় কমিটির চ্যারিটি কো-অর্ডিনেটর সিরাজুল আমিন তারাপদার মিসবাহ এবং সাউথ ইস্ট রিজিওনের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী।

‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় বিতরণ করা খাদ্য প্যাকেজে চাল, ডাল, দুধ, পেঁয়াজ, আলু, তেল, ছোলা, সেমাই ও আটা সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল।

প্রকল্পটি বাস্তবায়নে জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন রিজিওন ও শাখা কমিটির সদস্য ও নেতারা সার্বিক সহযোগিতা ও অর্থায়ন করেছেন।