গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের আইনজীবীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেলা আদালত প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে একটি পদযাত্রা বের হয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি ভবনের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল হক বলেন, ‘বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী সরকার বিভিন্নভাবে আইনজীবী, ছাত্র জনতার ওপর নির্যাতন চালিয়েছে। ২০২৪ সালে ৩১ জুলাই তৎকালীন সরকারের হত্যা, মামলা, হামলা, গুমের প্রতিবাদ ও কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রূপ নেয় আজকের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন।’
তিনি বলেন, ‘১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন হয়েছে, আমলাতন্ত্র ও বিচার বিভাগের কারণে সেই স্বপ্ন পুরণ হয়নি।’
দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়ন করলে ২৪ এর স্বপ্ন বাস্তবায়ন হবে।
তিনি বলেন, ‘এই দেশে বিগত দিনে যে দু:শাসন চলছে, ভোটের অধিকার ছিল না, সাধারণ মানুষের স্বপ্ন পুরণ হয়নি, সবকিছু বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসুন। আমরা জাতীকে ঐক্যবদ্ধ করে একটি সরকার গঠন করবো।’
তিনি আরো বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদের ইমেজকে ক্ষুন্ন করার জন্যে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি।’
অ্যাডভোকেট এনায়েতুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিপি আনোয়ার আজিজ টুটুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, মাসুদ তানবীর তান্না, অ্যাডভোকেট উছমান গণি মল্লিক মাখন, অ্যাডভোকেট কাজী শাহজাহান, শাজাহান কবির সাজু, অ্যাডভোকেট রোকন, অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট রাইসুল ইসলাম প্রমুখ।






