গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমীন নূরু(১৮) কাপাসিয়া উপজেলার সেলদিয়া গ্রামের শাহজাহান মিয়া ছেলে। অভিযুক্ত বনি আমিন (২৬) নিহতের বড় ভাই।
স্থানীয় বারিষাবো ইউনিয়ন পরিষদের সদস্য (৯ নম্বর ওয়ার্ড) জালাল উদ্দীন জানায়, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ঘটনার দিন আবারো তাদের মধ্য বাঁশ কাটা নিয়ে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই বনি আমিন ছোট ভাই নুরুল আমিন নুরকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ছোট ভাই মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ছেলেটা নেশাগ্রস্ত ছিল। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। আজ সকালে বাবা ও দুই ছেলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এই মারামারির ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযুক্ত বড় ভাই আটক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে আপাতত কোনো তথ্য দিতে পারছি না। তবে বিস্তারিত পরে জানানো হবে।’
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






