ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ ও বাঁধের কাজ সেনাবাহিনীকে দেয়া, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও করেছে ছাত্র-জনতা।
আজ বুধবার সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পাউবো কার্যালয় অভিমুখে পদযাত্রা করে। সেখানে তারা আধা ঘণ্টার মতো অবস্থান নেয়।
কর্মসচিতে জেলার ছয় উপজেলার সহস্রাধিক স্বেচ্ছাসেবী, সাধারণ মানুষের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে সংহতি প্রকাশ করেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও কমিউনিটির প্রতিনিধিরা। এ সময় তারা আট দফা তুলে ধরেন।
দাবিগুলো হলো- টেকসই বাঁধ, বাঁধের কাজ সেনাবাহিনীকে দেয়া, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুছাপুর ক্লোজার ও তৎসংলগ্ন এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করন, ফেনী শহরের জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর উদ্যোগ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার নিশ্চিত ও ২৪-এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন, ব্যবসা, বাড়ি-ঘর, ফসল গবাদি পশু, মুরগী, মৎস খামারের সঠিক তথ্য প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা।
এ সময় জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান সংহতি প্রকাশ করেন।
স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেলের পরিচালনায় কর্মসূচিতে জেলা ওলামা দলের যুগ্ম-সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম, খেলাফত মজলিসের জেলা যুগ্ম-সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, গণমাধ্যমকর্মী আসাদুজ্জামান দারা, ডিবিসি প্রতিনিধি আবু তাহের, চ্যানেল ২৪ প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, ছাত্রদলের দফতর সম্পাদক আবু তালেব রিপন, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক আব্দুর রহিম ফরহাদ, জাহিদুল ইসলাম, নূর নবী হাসান, নিশাদ আদনান, খন্দকার সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পদযাত্রার শুরুতেই মাইলস্টোন ট্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক ক্বেরাত সংস্থার জেলা সভাপতি মাওলানা আব্দুল ফাত্তাহ।
এছাড়া বক্তারা তাদের দাবিদাওয়া মেনে না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।



