চুয়াডাঙ্গায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে, ভারতের দাসত্ব কেউ মেনে নেবে না।’

রোববার (৮ জুন) বিকেলে শামসুজ্জামান দুদু তার বাড়ির নিকটবর্তী চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থেকে আগত নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা থেকে তিনি চুয়াডাঙ্গা শহরের নিজ বাড়িতে আসেন।

শামসুজ্জামান দুদু বলেন,‘১৬ বছর আগে আমরা যে সংগ্রাম শুরু করেছিলাম, সেই সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের নির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নাই।’

তিনি বলেন,‘পাশের একটি দেশ মনে করে, আমাদের দাসের মতো রাখবে। সেই দেশটি হলো ভারত। যারা এই দেশের উৎখাত করা সেই স্বৈরতন্ত্রকে আশ্রয় দিয়েছে। বাংলার জনগণ ভারতের সাথে কোনো আপোষ মেনে নেবে না। কখনো না, কোনো কালে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরো বলেন,‘আমরা এখন খুব জটিল, কূটিল ও এক ক্রান্তিকাল অতিক্রম করছি। বিএনপিসহ প্রায় ৫০টিরও বেশি রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। অথচ আমরা রোডম্যাপের নামে যা পেয়েছি, তা অনুযায়ী ওই সময় নির্বাচন আয়োজন করা খুব কঠিন। আমাদের দল থেকেও তা বলা হয়েছে।’

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, ‘এপ্রিলের আগে রমজান মাস পড়বে, এরপর বৈশাখ মাসের ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ। এছাড়া ফেব্রুয়ারির আগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির পরে নির্বাচনের আর বাস্তবতা থাকে না। সে কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত।’

তিনি আরো বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন করতে কী অসুবিধা আছে, সেটা যদি মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি বলেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি সেটি না পারেন, তাহলে জানুয়ারির মধ্যেও নির্বাচন হতে পারে। এ বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে পুনর্বিবেচনার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছি।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা এখন অপেক্ষায় আছি, প্রধান উপদেষ্টা কী বলেন বা করেন। তার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এলে পার্টির সবাই বসে আলোচনা করে প্রয়োজনে রাজপথে নামার সিদ্ধান্ত নেয়া হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্টির সিদ্ধান্ত যতক্ষণ না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

সবশেষে শামসুজ্জামান দুদু বলেন, ‘এই পবিত্র ঈদের সময় আমি সবাইকে ঈদ মোবারক জানাই। পাশাপাশি আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চাই।’

এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রতন আলী, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।