নৌ-পথে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না। জীবনের ঝুঁকি নিয়ে স্বদেশ ছেড়ে পালিয়ে আসছে বাংলাদেশে। আবারো রোহিঙ্গাবহনকারী নৌকাডুবির ঘটনা ঘটেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নারী-পুরুষ শিশুসহ ২৫ জন অসহায় রোহিঙ্গাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত আড়াইটায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় সমুদ্রে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বিজিবি সদস্য একজন সিপাহি। তিনি টেকনাফ শাহপরীর দ্বীপ বিজিবি বিওপির অধীনে কর্মরত ছিলেন।
নৌকাডুবির ঘটনা স্বীকার করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফনেন্যান্ট কর্ণেল মো: আশিকুর রহমান বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরে বিজিবির উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় বিজিবির এক সদস্যের নিখোঁজের খবর পাওয়া গেছে।’
তবে তার ব্যাপারে কোনো মন্তব্য করেননি টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।
টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবহনকারী একটি নৌকাডুবির ঘটনা শুনেছি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ থাকার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’
স্থানীয়রা জানায়, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকায় সাগরে ভাসমান দেখেন বিজিবির এক সদস্য। ওই নৌকাতে ওঠেন বিজিবির নিখোঁজ সদস্য। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকায় শাকের মাঝি নেতৃত্বে মাঝিমাল্লারা রোহিঙ্গাবহনকারী নৌকাটি থামানোর সঙ্কেত দেয়। এ সময় সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবি। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। তবে ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিল বলে জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গারা।’
নৌকার মালিক আমিন বলেন, ‘মাঝরাতে সাগরে রোহিঙ্গাবহনকারী নৌকা ধরতে যাওয়ার কথা বলে ওই বিজিবির সদস্য আমার নৌকাটি নিয়ে যায়। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কুলে নিয়ে আসার পথে সাগরে ঢেউয়ের স্রোতে ডুবে যায়। এতে ২৫ জনের মতো রোহিঙ্গা জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্য নিঁখোজ রয়েছে। তাকে উদ্ধারে সাগরে তল্লাশি চলছে।’
টেকনাফ শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌ-ঘাটের পাহারাদার আব্দুল মান্নান জানান, ‘শনিবার মধ্যরাতে রোহিঙ্গাবাহী নৌকা কুল ঘেঁষে যাওয়ার সময় টহলরত বিজিবির সদস্যরা দেখতে পান। তখন ঘাট থেকে একটি নৌকা নিয়ে তাদের আটকে দেয়। তারপর কিভাবে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবে যায় সেটা জানি না। তবে এ ঘটনায় ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ ৪০ জনের মতা রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজতে ঘাটের একাধিক নৌকায় সাগরে তল্লাশি চালাচ্ছেন জেলেরা।’
নৌকাডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া জেলে ঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, ‘গভীর রাতে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বরাবর রোহিঙ্গাবহনকারী একটি নৌকা অনুপ্রবেশের সময় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। এ ঘটনায় অন্য নৌকায় উদ্ধার করতে যাওয়া বিজিবির এক সদস্যও নিখোঁজ থাকার খবর জেলেরা অবহিত করেন।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গাবহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’



