‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম সৎ ও যোগ্য মানুষকে নেতৃত্বে আনতে হবে’— মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।

শুক্রবার (৭ নভেম্বর) লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালির অংক বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভা ও গণসংযোগে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেন, ‘নৈতিকতা, দায়িত্ববোধ ও স্বচ্ছতা ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হয় না। যারা দেশের প্রতি আন্তরিক এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়, তারাই প্রকৃত পরিবর্তনের পথ দেখাতে পারে। দুর্নীতি রোধে প্রশাসন, সমাজ ও নেতৃত্ব—সবক্ষেত্রেই সৎ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘যতক্ষণ নীতিবান মানুষ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে না আসবে, ততক্ষণ দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব নয়। তাই উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য সৎ ও দক্ষ নেতৃত্বই সময়ের দাবি। আর এই সৎ মানুষ গড়ে তুলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।’

পথসভা ও গণসংযোগে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লৌহজং উপজেলার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো: রফিকুল ইসলাম, বেজগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা নুরুল ইসলাম, টেউটিয়া ইউনিয়ন সভাপতি স্বাধীন সরকারসহ স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা।