ইরানের প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব নিতে যাওয়া সাইয়েদ ইবরাহিম রইসি আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব আফগানদের হাতেই ছেড়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন। রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে প্রথম ফোনালাপে এই মন্তব্য করেন তিনি।
ফোনালাপে ইবরাহিম রইসি বলেন, 'আফগানিস্তানের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এই নিরাপত্তা আফগানদের নিজেদের হাতেই প্রতিষ্ঠিত হতে হবে।'
তিনি আরো বলেন, এই অঞ্চলে সামগ্রিক নিরাপত্তা শুধু সকল আঞ্চলিক দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে।
রইসি বলেন, 'অভিজ্ঞতায় দেখা যায়, নিরাপত্তা প্রতিষ্ঠার ছদ্মবেশে বিদেশীরা শুধু নিরাপত্তাহীনতাই বপন করেছে এবং অস্থিতিশীলতার প্রতিষ্ঠা করেছে।'
অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দুই নেতা প্রতিবেশি দেশে চলমান সহিংসতার বিষয়ে ফোনালাপে উদ্বেগ জানিয়েছেন।
ইমরান খান ফোনালাপে বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পাকিস্তান ও ইরানের জন্য গুরুতর হতে পারে। এর ফলে দুই দেশের সীমান্ত এলাকায় শরণার্থীদের ঢল নামতে পারে।
বিবৃতিতে আরো জানানো হয়, ইমরান খান আফগানিস্তানের সংঘর্ষপূর্ণ পরিস্থিতির উন্নয়নে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের বিষয়ে গুরুত্বের কথা জানান।
এতে বলা হয়, দুই নেতাই 'আফগানদের পরিচালনায় ও আফগানদের নিয়ন্ত্রণে' দেশটিতে রাজনৈতিক সমাধানে সহায়তার প্রয়োজনীয়তায় জোর দেন।
পাশাপাশি ফিলিস্তিন ও কাশ্মির সমস্যায় জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে সমাধানের বিষয়ে দুই নেতাই একমত হন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সূত্র : প্রেস টিভি, আনাদোলু এজেন্সি ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল






