চীনের অধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে গণতন্ত্রপন্থী এক অনলাইন সংবাদমাধ্যমের অফিসে পুলিশি অভিযানের পর বন্ধ করে দেয়া হয়েছে সংবাদমাধ্যমটি। বুধবার ‘স্ট্যান্ড নিউজ’ নামের ওই সংবাদমাধ্যমের অফিসে অভিযান চালানো হয়।
পুলিশি অভিযানের পর স্ট্যান্ড নিউজের ফেসবুকে জানানো হয়, তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং সব কর্মীকে বরখাস্ত করেছে। ঘোষণার সময় থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে ফেসবুক বার্তায় তারা জানায়।
পুলিশের অভিযানের সময় ওই সংবাদমাধ্যমের সাত কর্মীকে রাষ্ট্রদ্রোহিতামূলক খবর প্রকাশের অভিযোগে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট সাংবাদিকদের গ্রেফতারের সাথে সাথে তাদের সরঞ্জাম জব্দ করারও ওয়ারেন্ট তাদের কাছে ছিলো।
একইসাথে গ্রেফতার সাংবাদিকদের বাসভবনেও অনুসন্ধান চলছে বলে জানায় পুলিশ।
অভিযোগ প্রমাণিত হলে তারা দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার হংকং ডলার (৫৫ হাজার ৪২ টাকা) জরিমানার মুখোমুখি হবেন।
এদিকে বুধবার হংকং পুলিশের জাতীয় নিরাপত্তা বিভাগের সিনিয়র সুপারইন্টেনডেন্ট স্টিভ লি কাও-ওয়াহ এক সংবাদ সম্মেলনে জানান, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সংবাদমাধ্যমটিতে প্রকাশিত বিভিন্ন ’রাষ্ট্রদ্রোহী’ প্রতিবেদন ও প্রবন্ধ প্রকাশের দায়ে এই গ্রেফতারি চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সংবাদমাধ্যমটির বোর্ড অব ডাইরেক্টরসের সাবেক সদস্য ডেনাইজ হো ও মার্গারেট এনজি, সাবেক চিফ এডিটর চুং পুই-কুয়েন ও ভারপ্রাপ্ত চিফ এডিটর প্যাট্রিক ল্যামও রয়েছেন।
এর আগে বুধবার সকালে স্ট্যান্ড নিউজ ফেসবুকে এক ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায়, পুলিশ সংবাদমাধ্যমটির ডেপুটি এডিটর রনসন চ্যানের বাড়িতে অনুসন্ধান করছে। পরে জিজ্ঞেসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞেসাবাদ শেষে পরে রনসন চ্যানকে ছেড়ে দেয়া হয়। তিনি জানান, পুলিশ তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড ও প্রেস কার্ড জব্দ করে নিয়েছে।
চলতি বছরে হংকংয়ে পুলিশি অভিযানে সংবাদমাধ্যম বন্ধ হয়ে যাওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত জুনে একইভাবে পুলিশি অভিযানের পর হংকংয়ে অ্যাপল ডেইলি নামের এক সংবাদপত্র বন্ধ হয়ে যায়।
সূত্র : সিএনএন ও এপি






