চীনের উত্তরাঞ্চলের শহর তিয়ানজিনে প্রথমবারের মতো কমিউনিটি পর্যায়ে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। করোনাভাইরাসের এ নতুন ধরন দ্বারা দু’ব্যক্তি সংক্রমিত হয়েছেন। শনিবার চীনা কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
তিয়ানজিন শহরে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্রের সহকারী পরিচালক চ্যাং ইং বলেন, করোনার ওমিক্রন ধরনে সংক্রমিত হওয়া এ দু’ব্যক্তির সাথে আরো ১৮ নতুন সংক্রমিত ব্যক্তির সম্পর্ক আছে। তিনটি সংক্রমণ চক্রের মাধ্যমে তারা আক্রান্ত হয়েছেন।
তিনি আরো বলেন, করোনার ওমিক্রন ধরনে সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করার অনেক আগেই তারা আক্রান্ত হয়েছিলেন।
চীনের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনার ওমিক্রন ধরনে সংক্রমিত ১৫ থেকে ১৮ ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তারা সকলেই প্রাথমিক স্কুলের ছাত্র, তারা একই স্কুল ও গবেষণাকেন্দ্র ব্যবহার করতেন।
কমিউনিটি পর্যায়ে ওমিক্রন সংক্রমণ ধরা পড়ায় এখন ওই তিয়ানজিন শহরের সকল জনগণ অর্থাৎ এক কোটি ৩৮ লাখ ব্যক্তির করোনা পরীক্ষা করা হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি






