চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ই জানিয়েছেন, রাশিয়ার সাথে চীনের বন্ধুত্বের সম্পর্ক ‘পাথরের মতো দৃঢ়’।
সোমবার চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনের সাইডলাইনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহায়তার সম্পর্ক বৃহৎ।
এর আগে গত সপ্তাহে চীন জানিয়েছিলো, তারা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।
এখন পর্যন্ত মস্কোর আগ্রাসনের বিষয়ে ভারসাম্যমূলক ভূমিকা রাখার চেষ্টা করছে চীনা সরকার। তারা ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করতে অস্বীকার করেছে। একইসাথে এই হামলার নিন্দা বা সমর্থনে কোনো মন্তব্য এখনো তারা করেনি।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র : আলজাজিরা






