পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাহাড়ি পর্যটনকেন্দ্র মারিতে তুষারপাতে আটকে পড়া তিন শ’ পর্যটককে উদ্ধার করেছে পাকিস্তানি সেনাবাহিনী। শনিবার পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, উদ্ধার পর্যটকদের সামরিক চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন।
এছাড়া মারির ঝিকা গলি, কাশ্মিরি বাজার, লোয়ার তোপা ও কুলদানায় তুষারপাতে আটকে পড়া এক হাজারের বেশি লোককে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
আটকে পড়া পর্যটকদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার থেকে মারিতে আকস্মিক তুষারপাতে এই পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা বিপুল পর্যটক গাড়িতে আটকা পড়েন। তুষারপাতে আটকে পড়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়।
এদিকে রোববার সকালে পাঞ্জাবের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মারির প্রধান প্রধান সড়ক থেকে জমে থাকা তুষার সরানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মারির সকল সংযোগ সড়ক থেকে তুষার পরিচ্ছন্ন করা হয়েছে। তবে রাজধানী ইসলামাবাদের সাথে সংযোগ সড়ক রোববারেও বন্ধ থাকবে।
শনিবার রাতে মারির শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। তবে গ্রামীন অঞ্চলে এখনো বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। একইসাথে ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।
সূত্র : জিও নিউজ






